বাবা হলেন অনুপম রায়
জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় বাবা হয়েছেন। স্ত্রী ও গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বিয়ের দুই বছর পর তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে এই সুখবর জানিয়েছেন এই দম্পতি।
২০২৪ সালের ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম রায়। ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে রেজিস্ট্রি ও আইনি বিয়ে সম্পন্ন করেছিলেন তাঁরা। এবার সেই সংসারেই এলো নতুন অতিথি। প্রশ্মিতার সঙ্গে একটি কার্ড শেয়ার করে অনুপম লিখেছেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে’।
প্রশ্মিতার মা হতে যাওয়ার খবর আগে থেকেই কিছুটা জানা গিয়েছিল, তবে পুরো বিষয়টি বেশ গোপন রেখেছিলেন দুজন। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রশ্মিতা।
অনুপমের এটি তৃতীয় বিয়ে। সংগীতজগতের মানুষ হওয়ায় দুজনের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। বন্ধুত্বের সম্পর্ক থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের খবরের মতোই সন্তান আসার খবরও তাঁরা নিজেদের মধ্যে গোপন রাখতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত সুখবরটি নিজেরাই প্রকাশ করেন।
এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন ছিল অনুপমের। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, পরে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। প্রায় একই সময়ে নতুন করে সংসার শুরু করেন অনুপম ও প্রশ্মিতাও।
কাকতালীয়ভাবে গত বছর জুনে পিয়া-পরমব্রত দম্পতির ঘরেও পুত্রসন্তান আসে। এবার অনুপম-প্রশ্মিতার সংসারেও ছেলে আসায় টলিপাড়ার নতুন বাবা-মায়ের তালিকায় যুক্ত হলো আরও এক জুটি।
সংগীতজগতে প্রশ্মিতা পালও পরিচিত একটি নাম। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পান তিনি, আর এই গানের সূত্রেই ২০১৪ সালে রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা উদীয়মান গায়িকার পুরস্কার অর্জন করেন। এ ছাড়া ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমাতেও গান গেয়েছেন প্রশ্মিতা। বর্তমানে ‘উড়ান’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও যুক্ত আছেন তিনি।
মতামত দিন