Views Bangladesh Logo

কাঁচাবাজার-কারখানায় পলিথিনবিরোধী অভিযান শুরু ১ নভেম্বর

অক্টোবর থেকে সমস্ত সুপারস্টোরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ১ নভেম্বর থেকে দেশের সব কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান চালাবে সরকার। নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহারে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে কারখানাগুলোতেও এ অভিযান চলবে।

পলিথিন ব্যবহার ও উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। এ সময় পলিথিনের বিকল্প আইটেম বিতরণ এবং পলিথিন ব্যাগ এবং অন্য পলিথিন-ভিত্তিক প্যাকেজিং উপকরণ সংগ্রহে বিনও স্থাপন করেন পরিবেশ উপদেষ্টা। .

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পলিথিন শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা ঘোষণা দেন, ১ অক্টোবর থেকে সুপারস্টোরগুলোতে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপিলিন ব্যাগ সংরক্ষণ বা গ্রাহকদের বিতরণে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পরিবেশ উপদেষ্টা জানান, ১ অক্টোবর থেকে শুধু সুপারশপে অভিযান চলবে। পরের মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে কাঁচাবাজারগুলোতেও। এ সময়ের মধ্যেই কাঁচাবাজারসহ দেশের সব ধরনের বাজার কর্তৃপক্ষকেও নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে।

তিনি জানান, এ কাজে পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ