Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ, ওসিসহ আহত ৮

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময় জুলাই ফাইটার্সের ব্যানারে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পুলিশ জানায়, শনিবার রাতে হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার বিকেল পাঁচটায় চকবাজার মসজিদের সামনে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরাও জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে সমাবেশের ঘোষণা দেয়।

পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে চারটা থেকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না, জুলাই ফাইটার্সের কর্মসূচি ছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহেদুর রহমান রাফির কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ