গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য কাশেমের মৃত্যু
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলায় গুরুতর আহত শিক্ষার্থী কাশেম খান মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কাশেম নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৩টার দিকে মারা যান কাশেম।’
কাশেম গাজীপুরের বোর্ডবাজার এলাকার নিহত জামাল হাজির ছেলে।
গত সাত ফেব্রুয়ারি দিনগত রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবর পাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী লুটতরাজ ঠেকানোর জন্য ওই বাড়িতে যান। এ সময় তাদের আটক করে মাইক দিয়ে ডাকাত পড়েছে এমন খবর ছড়ানো হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আটক করে নির্মম হামলা চালানো হয়। রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে অন্তত ২০ জনকে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় কাশেম খান, সিয়ামসহ গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে কাশেমের মৃত্যুর খবরটি জানান।
তিনি লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী অপরাধীদের হামলায় আহত কাশেম শহীদ হয়েছেন। আমার এই ভাই-ই প্রথম যিনি প্রতিবিপ্লবীদের হাতে শহীদ হয়েছেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে