মুচলেকার বিনিময়ে ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী
হবিগঞ্জ সদর থানায় আটকের ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে ২১ ঘণ্টা আটকে রাখা হয় মাহদীকে।
মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে ২১ ঘণ্টা থানায় আটক রাখে। আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কি মুচলেকা দেওয়া হয়েছে বা মুচলেকায় কি লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মতামত দিন