পারভেজ হত্যা মামলার আসামি বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লা তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ।
হৃদয় মিয়াজীর বাড়ি তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দূলব্দী গ্রামে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব।
ওসি মো. শহিদ উল্যাহ জানান, ঢাকায় পারভেজ হত্যার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১-এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামের আসামির মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা র্যাব-১১ এর কাছে হস্তান্তর করে তিতাস থানা পুলিশ।
এর আগে ২১ এপ্রিল সকালে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। তারা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।
শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে