Views Bangladesh Logo

এমবিবিএস ফল পুনঃপ্রকাশের দাবি জানালো ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'।

রোববার (১৯ জানুয়ারি) আন্দোলনের সদস্য শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কোটা ব্যবস্থার কারণে প্রায় ২৫০ শিক্ষার্থী ১০০-এর মধ্যে মাত্র ৪১-৪৬ নম্বর পেয়ে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এতে অধিক নম্বর প্রাপ্ত যোগ্য শিক্ষার্থীরা ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন, ফলে অনেকের মেডিকেল পড়ার স্বপ্ন অপূর্ণ থেকে গেছে।

বিবৃতিতে, অপ্রয়োজনীয় কোটা বাতিল করে, সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য প্রয়োজনীয় কোটা বহাল রেখে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করতে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের নেতৃত্বে ঘটে যাওয়া গণআন্দোলনের মূল দাবিই ছিল বৈষম্যমূলক কোটা সংস্কার। বর্তমান কোটা ব্যবস্থার অব্যাহত প্রয়োগ সেই আন্দোলনের চেতনাকে ক্ষুণ্ণ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দাবি পূরণে ব্যর্থতার প্রমাণ বহন করছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণজাগরণের পর তথাকথিত ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসন’ তৈরি করা বৈষম্যমূলক কোটা ব্যবস্থার জন্য সরকার দায়ী।

তারা আরও উল্লেখ করেন, শহীদ ও আহত আন্দোলনকারীদের ত্যাগের ভিত্তিতে বৈধতা পাওয়া সরকারই এ ধরনের কোটা ব্যবস্থার অপব্যবহারের পূর্ণ দায় বহন করে।

এর আগে রোববার বিকেলে মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ৩৭টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার ৩৭২ জন। ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

গত শুক্রবার সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে এক যোগে অনুষ্ঠিত হয় এমবিবিএস ভর্তি পরীক্ষা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ