ঝিনাইদহে ফিলিং স্টেশনে মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর মৃত্যু
ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতেই তার মৃত্যু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সহ-সমন্বয়ক রাব্বী হাসান জানিয়েছেন, নিহত নীরব সংগঠনটির একজন কর্মী ছিলেন।
শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে নীরব (২২) নামে ওই যুবকের মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলিনুর বিশ্বাস।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম বলেন, মোটরসাইকেলে তেল নিতে নীরব তাজ ফিলিং স্টেশনে গেলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তিনি অন্য একটি পাম্পে চলে যান। তবে ফেরার পথে আবার তাজ ফিলিং স্টেশনে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
এক পর্যায়ে কর্মচারীদের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে