মার্কিন সরকারের নিরাপত্তা শঙ্কায় নতুন এআই টুলের কার্যক্রম স্থগিত করল অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আলোচিত প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের নতুন ও অত্যাধুনিক দুটি এআই মডেলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র সরকারের জারি করা এক নির্দেশনার পর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১২ জুন) অ্যানথ্রপিক জানায়, তাদের সর্বাধুনিক এআই মডেল ‘ফেবল ৫’ এবং ‘মাইথোস ৫’-এর ব্যবহার আপাতত বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বিদেশি নাগরিকদের জন্য এসব মডেলের প্রবেশাধিকার স্থগিত করার কথা বলা হলেও বাস্তবে নির্দেশনা কার্যকর করতে গিয়ে প্রতিষ্ঠানটিকে সবার জন্যই সেবা বন্ধ করতে হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের আশঙ্কা, উন্নত সক্ষমতার এসব এআই মডেলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে (জেইলব্রেক) সাইবার হামলা, সফটওয়্যারের দুর্বলতা শনাক্তকরণ কিংবা অন্যান্য ক্ষতিকর কাজে অপব্যবহার করা হতে পারে। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
তবে অ্যানথ্রপিক সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। প্রতিষ্ঠানটির দাবি, যেসব দুর্বলতার কথা বলা হচ্ছে সেগুলো সীমিত পরিসরের এবং নতুন কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করে না। দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষার পরও তারা এমন কোনো সর্বজনীন নিরাপত্তা ভাঙার পদ্ধতির প্রমাণ পায়নি বলে জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা এআই শিল্পে সরকারি নিয়ন্ত্রণের নতুন যুগের সূচনা করতে পারে। এতদিন মূলত উন্নত চিপ ও হার্ডওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হলেও এবার সরাসরি এআই মডেলের ব্যবহার সীমিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
অ্যানথ্রপিক জানিয়েছে, তারা সরকারের নির্দেশনা মেনে চললেও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য কাজ করছে এবং যত দ্রুত সম্ভব সেবা পুনরায় চালুর চেষ্টা করবে। বর্তমানে প্রতিষ্ঠানটির অন্যান্য এআই মডেল স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে।

মতামত দিন