বিরল রোগের ওষুধ আবিষ্কারে এআই, নিজস্ব গবেষণাগার চালু করল অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ওষুধ গবেষণার পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় নিজস্ব জীববিজ্ঞান গবেষণাগার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডারার-আব্রামস গবেষণাগারটির কার্যক্রমের কথা নিশ্চিত করেন।
এত দিন মূলত কম্পিউটারভিত্তিক গবেষণায় গুরুত্ব দিয়ে আসা অ্যানথ্রপিক এবার নিজস্ব স্থাপনায় বাস্তব জীববৈজ্ঞানিক পরীক্ষাও চালাবে। তবে নতুন গবেষণাগারের কাজ শুধু ওষুধ আবিষ্কারে সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন অনুযায়ী বাইরের অংশীদারদের মাধ্যমেও বিভিন্ন পরীক্ষা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর একটি অনুষ্ঠানে অ্যানথ্রপিক প্রথমবারের মতো ওষুধ গবেষণায় প্রবেশের পরিকল্পনা প্রকাশ করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন রোগ নিয়ে প্রাথমিক পর্যায়ের গবেষণায় এআইকে কাজে লাগানো, যেসব রোগের চিকিৎসায় ওষুধ তৈরিতে প্রচলিত ওষুধ কোম্পানিগুলোর আগ্রহ তুলনামূলক কম। বিশেষ করে বিরল এবং প্রচলিত পদ্ধতিতে চিকিৎসার ওষুধ তৈরি করা কঠিন—এমন রোগের ক্ষেত্রে গবেষণার সময় কমিয়ে সম্ভাব্য ওষুধ শনাক্ত করার প্রক্রিয়া দ্রুত করতে এআই ব্যবহারের ওপর জোর দিচ্ছে অ্যানথ্রপিক।
গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা এআইয়ের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার সক্ষমতাও যাচাই করছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের এআই মডেল ক্লডকে রোবোটিক যন্ত্রপাতির সঙ্গে যুক্ত করে মানুষের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে বিভিন্ন পরীক্ষা চালানো সম্ভব কি না, তা পরীক্ষা করা হচ্ছে। তবে গবেষণার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় মানব তদারকি রাখা হচ্ছে।
গবেষণাগারের বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে এআই মডেলের সমন্বয় সহজ করতে গত আগস্টে ‘মডেল হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড’ চালু করে অ্যানথ্রপিক। এর মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষাগার সরঞ্জামের সঙ্গে এআই মডেলের কাজ করার জন্য একটি সাধারণ প্রযুক্তিগত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জীববিজ্ঞান গবেষণায় ক্লডের ব্যবহার বাড়াতে ৬০টির বেশি বৈজ্ঞানিক তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত ‘ক্লড সায়েন্স’ প্ল্যাটফর্মও চালু করেছে প্রতিষ্ঠানটি। এতে জিনোমিকস, প্রোটিওমিকস ও কাঠামোগত জীববিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও সরঞ্জাম ব্যবহারের সুযোগ রয়েছে।
এর পাশাপাশি প্রায় ৪০ কোটি ডলারের শেয়ারের বিনিময়ে কো-ইফিশিয়েন্ট বায়ো অধিগ্রহণ করেছে অ্যানথ্রপিক। বড় কয়েকটি ওষুধ ও জীবপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ব্রিস্টল মায়ার্স স্কুইব ও রোশের জেনেনটেকের কর্মীরা গবেষণা ও ওষুধ উন্নয়নের কাজে ক্লড ব্যবহার করতে পারছেন। এর ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর ডেনমার্কভিত্তিক ওষুধ কোম্পানি নোভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয় অ্যানথ্রপিক।
তবে আপাতত নিজস্বভাবে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। সরাসরি ওষুধ বাজারজাত করার চূড়ান্ত ধাপে যাওয়ার পরিবর্তে ফার্মাসিউটিক্যাল ও বায়োটেক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রাথমিক ও প্রি-ক্লিনিক্যাল গবেষণায় এআইয়ের ব্যবহার বাড়ানোই অ্যানথ্রপিকের বর্তমান লক্ষ্য।
মতামত দিন