Views Bangladesh Logo

কম খরচে শক্তিশালী নতুন এআই মডেল উন্মোচন করল অ্যানথ্রপিক ও ওপেনএআই

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে প্রতিযোগিতা এখন শুধু মডেলের সক্ষমতা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই, খরচ কমানোর দিকেও সমান গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতায় একই দিনে নতুন প্রজন্মের তিনটি মডেল উন্মোচন করেছে অ্যানথ্রপিক ও ওপেনএআই। গত ২২ সেপ্টেম্বর অ্যানথ্রপিক ‘ক্লড অপাস ৫.৫’ এবং ওপেনএআই ‘জিপিটি-৬ সল’ ও ‘জিপিটি-৬ লুনা’ প্রকাশ করেছে। নতুন মডেলগুলো জটিল কোডিং, কম্পিউটার পরিচালনা ও এজেন্টভিত্তিক বিভিন্ন কাজ তুলনামূলক কম খরচে সম্পন্ন করার জন্য তৈরি করা হয়েছে।

অ্যানথ্রপিকের ক্লড অপাস ৫.৫ মূলত জটিল ও বহু ধাপের এজেন্টিক কাজের জন্য তৈরি। ব্যবহারকারীর নির্দেশ পাওয়ার পর শুধু লিখিত উত্তর দেওয়ার পরিবর্তে টার্মিনাল, সফটওয়্যার ও বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে ধারাবাহিকভাবে কাজ করতে পারে মডেলটি। বড় আকারের কোডবেসে ত্রুটি শনাক্ত, সফটওয়্যার মাইগ্রেশন, কোড অডিট এবং ব্যবসা ও আর্থিক বিশ্লেষণের মতো কাজে এর সক্ষমতা বাড়ানো হয়েছে। ‘টার্মিনাল-বেঞ্চ ৪.০’ পরীক্ষায় মডেলটি ৬৬ দশমিক ৪ শতাংশ এবং ‘ফ্রন্টিয়ার কোড ভি১.১’ পরীক্ষায় ৫৪ দশমিক ৪ শতাংশ স্কোর করেছে।

ব্যবহারের খরচের দিক থেকেও ক্লড অপাস ৫.৫-এ পরিবর্তন আনা হয়েছে। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ হবে ৪ ডলার, আর একই পরিমাণ আউটপুট টোকেনের জন্য ২০ ডলার। আগে প্রক্রিয়াকরণ করা তথ্য ক্যাশে রেখে পুনরায় ব্যবহারের ক্ষেত্রে প্রতি ১০ লাখ টোকেনে খরচ হবে মাত্র ২০ সেন্ট। আগের অপাস ৫ মডেলের তুলনায় ইনপুট ও আউটপুট উভয় ক্ষেত্রেই ব্যয় ৪০ শতাংশ কমানো হয়েছে।

অন্যদিকে, পেশাগত কাজ, সফটওয়্যার কোডিং, কম্পিউটার ব্যবহার এবং দীর্ঘ ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার জন্য জিপিটি-৬ সল তৈরি করেছে ওপেনএআই। মডেলটির যুক্তিনির্ভর বিশ্লেষণ বা রিজোনিং সক্ষমতা উন্নত করা হয়েছে, যাতে জটিল সমস্যাকে কয়েকটি ধাপে ভাগ করে সমাধান করা যায়। পাশাপাশি তথ্যগত ভুল কমানো এবং কোড তৈরিতে নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত প্রম্পট ক্যাশিংয়ের মাধ্যমে আগে প্রক্রিয়াকরণ করা তথ্য বা প্রসঙ্গ পুনরায় কাজে লাগানো সম্ভব হওয়ায় সময় ও গণনাভিত্তিক ব্যয়ও কমবে।

জিপিটি-৬ সলের খরচও ক্লড অপাস ৫.৫-এর তুলনায় কম। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ১০ ডলার নির্ধারণ করেছে ওপেনএআই। ফলে একই পরিমাণ ইনপুট ও আউটপুট টোকেন ব্যবহারে অপাস ৫.৫-এর তুলনায় জিপিটি-৬ সলের খরচ অর্ধেক।

তবে বিপুলসংখ্যক এআই অনুরোধ কম খরচে প্রক্রিয়াকরণের জন্য আলাদা লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে জিপিটি-৬ লুনা। কোডিং ও কম্পিউটার ব্যবহারের পাশাপাশি বড় পরিমাণ তথ্য থেকে নির্দিষ্ট বিষয় খুঁজে বের করা, নথি বিশ্লেষণ ও সংক্ষিপ্ত করা, তথ্য শ্রেণিবিন্যাস এবং নিয়মিত পুনরাবৃত্তিমূলক কাজের মতো ক্ষেত্রে মডেলটি ব্যবহারের উপযোগী। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে মাত্র ১০ সেন্ট এবং আউটপুটে ৫০ সেন্ট খরচ হবে।

ফলে একই সময়ে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের নতুন মডেল উন্মোচনের মধ্য দিয়ে এআই প্রতিযোগিতায় সক্ষমতার পাশাপাশি ব্যয় কমানোর বিষয়টিও আরও স্পষ্টভাবে সামনে এসেছে। জটিল কাজের জন্য শক্তিশালী মডেল এবং বিপুলসংখ্যক অনুরোধের জন্য কম খরচের মডেল এবং দুই ধরনের ব্যবহারের প্রয়োজন মাথায় রেখেই এবার নতুন মডেলগুলো তৈরি করেছে প্রতিষ্ঠান দুটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ