Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে আনসার-ভিডিপি মোতায়েন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশ-ইন ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের। তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, সীমান্ত এলাকার ভৌগোলিক অবস্থা ও অবৈধ চলাচলের পথ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষ কৌশলে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, রাজশাহী রেঞ্জের নির্দেশনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে গঠিত বিশেষ দলে প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে অভিজ্ঞ ৩৩ জন দক্ষ আনসার-ভিডিপি সদস্যকে বিজিবির বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা ভোলাহাট উপজেলার চাঁনশিকারী, চামুঙ্গা, ভোলাহাট, গিলাবাড়ী, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর সীমান্ত ফাঁড়ি এবং গোমস্তাপুর উপজেলার বঙ্গাবাড়ী সীমান্ত ফাঁড়িতে বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে ভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডাররা ইতোমধ্যে নিকটস্থ বিজিবি ক্যাম্প কমান্ডারদের সঙ্গে বৈঠক করে জরুরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছেন। সীমান্তে কোনো সন্দেহজনক তৎপরতা দেখা দিলে বা বিজিবির পক্ষ থেকে সংকেত পেলেই আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ কার্যক্রমে যুক্ত হবেন।

আশিকুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ-ইনের আশঙ্কাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যরা দিন-রাত বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় স্থানীয়ভাবে প্রশিক্ষিত ও অভিজ্ঞ আনসার সদস্যদের সম্পৃক্ত করার ফলে নজরদারি আরও জোরদার হবে এবং যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইন প্রচেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ