Views Bangladesh Logo

ফেসবুক–টিকটকে নির্বাচনী দায়িত্ব পালনের ছবি প্রচার করা যাবে না: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র, সরঞ্জাম কিংবা দায়িত্ব পালনসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রচার থেকে আনসার সদস্যদের কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আর্মি স্টেডিয়ামে ঢাকা মহানগর আনসারের বিশাল প্রস্তুতিমূলক সমাবেশে এ নির্দেশনা দেন তিনি।

সমাবেশে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপস’, সমন্বিত সিকিউরিটি রেসপন্স সিস্টেম এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনি নিরাপত্তা রক্ষায় বাহিনী এখন পুরোপুরি প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে অগ্রসর হয়েছে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ঐতিহ্যগত সেকেলে প্রক্রিয়া ভেঙে আমরা এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় পদার্পণ করেছি। সদস্যদের দায়িত্ব বণ্টন থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি ধাপ এখন স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এর ফলে বাহিনীর সদস্যরা যেকোনো অনৈতিক প্রভাবমুক্ত থেকে নিজ বিবেক ও কমান্ড অনুযায়ী দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হচ্ছেন।

বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা কেবল একটি বাহিনীর সদস্য নন—আপনারা জাতীয় পতাকার মর্যাদার রক্ষক এবং সাধারণ ভোটারের প্রতিনিধি। আপনারা কোনো নির্দিষ্ট পক্ষের নন; দেশের মাটি ও মানুষের পক্ষে অবস্থান নেওয়াই আপনাদের একমাত্র পরিচয়।

তিনি সন্ত্রাসী হুমকি ও বিশৃঙ্খলার বিষয়ে সতর্ক করে বলেন, চাপ বা ভয় দেখানো হলে ভয় পাওয়া যাবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না।

মহাপরিচালক জানান, এবারই প্রথম ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং চ্যানেল চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রীয় স্বার্থবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সদস্য ঢাকা মহানগরে মোতায়েন করা হয়েছে—২৭ হাজার ৭০৩ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ