নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস উল্টে আনসার সদস্য নিহত, আহত ২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সদস্য মো. আব্দুল জব্বারের বাড়ি উল্লাপাড়া উপজেলায়। তিনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পতেঙ্গায় কর্মরত ছিলেন।
জানা গেছে, সাতকানিয়ায় দায়িত্ব শেষ করে ২৩ জন সদস্য বহনকারী একটি বাস চট্টগ্রাম-কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়।
আহতদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে