Views Bangladesh Logo

নাটোরে পুকুরে মিলল আনসার সদস্যের মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান ও রফিকুল ইসলাম একসঙ্গে মুড়ি খান। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হন শাহজাহান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুকুর মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা জানান, রাত থেকে শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তার ধারণা, পুকুরের পানিতে গ্যাসের কারণে মাছ মারা যাওয়ায় মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি।

নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় বিষয়টি প্রথমে পরিবারের কাছে অস্বাভাবিক মনে হয়নি। সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ