Views Bangladesh Logo

শহীদ দিবসে জাতীয় পতাকা না তুলে সমালোচনার মুখে আনসার ডিজি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকার পরিবর্তে বাহিনীর পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গাজীপুরে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শনিবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ উদ্বোধন ও স্থাপন উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরতে নবনির্মিত ১২০ ফুট উচ্চতার পতাকাস্তম্ভে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক পরিবেশে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয় এবং বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রথমে মহাপরিচালক পতাকাস্তম্ভ উদ্বোধন করেন। পরে তিনি আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের বাহিনীর পতাকা উত্তোলন করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা সম্মান প্রদর্শন করেন।

তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাৎক্ষণিক প্রশ্নের উদ্রেক হয়। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকরা এ বিষয়ে মহাপরিচালকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে পতাকাস্তম্ভ স্থাপন ও পতাকা উত্তোলন করা হয়েছে এবং এটি সার্বক্ষণিকভাবে উত্তোলিত থাকবে।

তার এ বক্তব্যে অনেকেই সন্তুষ্ট হননি। সাংবাদিকদের প্রশ্নের চাপ বাড়লে তিনি একপর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। পরে উপস্থিত সাধারণ আনসার সদস্যরা একই পতাকাস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ