আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার আরও এক আসামি
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাঠি এলাকার শেখ মিরাজের ছেলে।
অভিযান শেষে আসিফকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৬-এর অধিনায়ক।
খুলনা মহানগরীর হরিণটানা থানায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলাটি করা হয়। এ মামলায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে শেখ আসিফ হোসেন গ্রেফতার হওয়ায় মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চারজনে।
মতামত দিন