আরও এক লাখ টন জ্বালানি তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’
সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে তেলবাহী জাহাজ এমটি নিনেমিয়া। আগামীকাল বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে জাহাজটির।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এই অপরিশোধিত তেলের চালান নিয়ে রওনা দিয়েছে জাহাজটি।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল জাহাজটি। মে মাসের মাঝামাঝিতে আরেকটি তেলবাহী জাহাজ এমটি ফসিলও আরব আমিরাত থেকে সমপরিমাণ তেলের চালান নিয়ে আসে।
দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধনের জন্য এই অপরিশোধিত তেল আমদানি করে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে দীর্ঘমেয়াদি সরবরাহ সংকটে পড়ে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়েছিল যে ইআরএলের উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সাম্প্রতিক এই তেল সরবরাহগুলো সেই সংকট কাটিয়ে উঠার ইঙ্গিত দিচ্ছে।
মতামত দিন