মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক হোসেন
মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজাকারদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা মা-বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য হানাদার বাহিনী নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছে; আজ আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। একটি দল জুলাইকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাহলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে রাজাকারদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’
বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের দাস বানিয়ে দেশ লুটপাট করা হয়েছিল এবং সেই পরিস্থিতি থেকে মুক্তির জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। ওই অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন; তাই মুক্তিযোদ্ধাদের অসম্মান করার অধিকার কারও নেই।’
সভায় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে