খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ডেঙ্গু পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট এক হাজার ৫১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৩১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৪ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ১৫ জন, খুলনা জেলায় ১১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, মাগুরা ও নড়াইলে ৩ জন করে এবং যশোর ও ঝিনাইদহে ২ জন করে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মতামত দিন