হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে; নমুনা পরীক্ষায় আরও ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৬৪৯ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৯, সিলেটে ৮৬, ময়মনসিংহে ৬২, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, খুলনায় ২৯ এবং রংপুরে ৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক দিনে ৮১৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১১ জন, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ৯৪, সিলেটে ৮১, খুলনায় ৬৩, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ৪০ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ৭ হাজার ৩৮৪ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভর্তি রোগীদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ জনের মধ্যে।
মতামত দিন