Views Bangladesh Logo

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩১

বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে। এর মধ্যে বিভাগীয় প্রধান চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২১ শিশু।

শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম আফিয়া, যার বয়স ১৭ মাস। সে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু হানিফের মেয়ে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৪৮ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ২ হাজার ১০৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছে।

অঞ্চলটির সার্বিক পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বলেন, ‘হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে চার সপ্তাহ সময় লাগে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ