পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে আরও একজন সরে দাঁড়িয়েছেন। এবার পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল, যা সাম্প্রতিক সময়ে একাধিক পরিচালকের পদত্যাগের ধারাবাহিকতায় নতুন সংযোজন।
বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়েই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ইয়াসির।
বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক।
একাধিক পরিচালকের পদত্যাগে কিছুটা চাপের মুখে পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্রিকেটারদের অসন্তোষও বাড়ছে। সব মিলিয়ে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বোর্ড।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির কর্মকর্তারা। আগামী ৪ এপ্রিল মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে অংশ নেবেন বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে