আগামীতে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগামীতে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য যা দরকার আমরা করব। তাতেও আমরা বিজয়ী হব।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য চলাকালীন অসুস্থ হয়ে তিনি দুইবার পড়ে যান। পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি।
ডা. শফিক বলেন, জামায়াত আগামীতে সরকার গঠন করলে দলের কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার নেবেন না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না এবং নিজের হাতে টাকা লেনদেন করবেন না। নির্দিষ্ট কোনো বরাদ্দ পেলে তার পূর্ণ হিসাব ১৬ কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, আমরা চাঁদা নেবো না, দুর্নীতি করবো না, দুর্নীতি সহ্য করবো না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে।
সমাবেশে অংশ নিতে এসে তিনজন সমর্থক মারা গেছেন বলে জানিয়ে জামায়াত আমির বলেন, তাদের আল্লাহ কবুল করুন। আবু সাঈদেরা যদি বুক পেতে না দিতো, তবে আজ আরও অনেক জীবন ঝরতে পারত।
তিনি বলেন, আজ আমি জামায়াত আমির হয়ে কথা বলতে আসিনি। এসেছি ১৬ কোটি মানুষের একজন হয়ে। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, বয়স্কদের সহযোদ্ধা, বোনদের ভাই। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে গায়ের ঘাম ঝরানো ভাইদের মুক্তির লক্ষ্যে কথা বলতে এসেছি।
পুরোনো ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে কোনো পুরোনো, বস্তাপচা কিছুই থাকবে না। নতুন পদ্ধতিতে দেশ চলবে, অন্যথায় চলবে না।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, আল্লাহ যদি হায়াত দেন, তবে জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আমরা মালিক হতে চাই না, হতে চাই সেবক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে