আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া নুর আলম মনির (৪৫) নামে এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কারা কর্তৃপক্ষের নির্দেশে সোমবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় নুর আলম মনিরকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নুর আলম মনির কোন মামলায় কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে গত ১২ সেপ্টেম্বর কয়েদি আব্দুল বারেক (৭০), ১৩ সেপ্টেম্বর হাজতি আব্দুল মাবুদ (৫৮) এবং ১৪ সেপ্টেম্বর কয়েদি মো. রফিকুল ইসলাম (৫৪) ও আব্দুর রহিম (৬০) মারা যান।
মতামত দিন