Views Bangladesh Logo

দীপু দাস হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস (২৭) হত্যার ঘটনায় বাবলু মিয়া (২৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবলু ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়। এর ধারাবাহিকতায় ডুবালিয়াপাড়া এলাকা থেকে বাবলু মিয়াকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবলু ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার মূল ভূমিকায় ছিল। সে স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করে। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর এবং মরদেহ মহাসড়কে নিয়ে গিয়ে উত্তেজিত জনতার নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করে বলে অভিযোগ পুলিশের।

গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপুকে গণপিটুনি দেয়। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া লাশ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, দীপু চন্দ্র দাস হত্যায় গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ