ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। আসামের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে আনা এই চালানটি মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়।
পার্বতীপুরের পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয় এবং প্রায় ১৪৬ ঘণ্টা পর এটি গন্তব্যে পৌঁছে।
সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন ব্যবহার করে ধারাবাহিকভাবে ডিজেল আমদানি করছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসে। এরপর আরও দুই দফায় ১০ হাজার টন এবং সর্বশেষ ৭ হাজার টনসহ মার্চ মাসে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।
এদিকে, সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রাখা হচ্ছে। জ্বালানি তেলের মজুত স্থিতিশীল রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের এ উদ্যোগের লক্ষ্য।
সূত্র জানায়, আগামী এপ্রিল মাসে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং নুমালীগড় রিফাইনারির কাছ থেকে প্রতি সপ্তাহে ১০ হাজার মেট্রিক টন করে ডিজেল আনার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে