রেকর্ড ভাঙলেন শন বেকার
‘অ্যানোরা’ সিনেমাটি বিশ্বজুড়ে বিভিন্ন পুরস্কারের মঞ্চে একের পর এক সাফল্য অর্জন করেছে। প্রশংসা পেয়েছে সমালোচকদেরও। সিনেমাটি অস্কারে মোট পাঁচটি পুরস্কার জিতে নেয়।
ছবিটির পরিচালক শন বেকার ইতিহাস তৈরি করেছেন। এক আসরে চারটি অস্কার জিতে ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। এই রেকর্ডটি আগে ছিল হলিউডের কিংবদন্তি ওয়াল্ট ডিজনির দখলে।
‘অ্যানোরা’ পরিচালকের অর্জন হিসেবে ৯৭তম অস্কারে বেকার বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং এবং বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কৃত হয়েছেন। এর ফলে এক রাতে চারটি অস্কার জেতার কৃতিত্ব অর্জন করে তিনি ইতিহাসে নতুন নাম লেখালেন। এর আগে ১৯৫৪ সালে ওয়াল্ট ডিজনির ঝুলিতে ছিল এই অর্জন। সে সময় ডিজনি ‘দ্য লিভিং ডেজার্ট’, ‘দ্য আলাস্কান এস্কিমো’, ‘টুট হুইসেল প্লাংক অ্যান্ড বুম’, এবং ‘বেয়ার কান্ট্রি’ সিনেমাগুলোর জন্য চারটি আলাদা বিভাগে অস্কার জিতেছিলেন।
তবে বেকার ডিজনির চেয়ে একটি বড় পার্থক্য সৃষ্টি করেছেন। ডিজনি মনোনীত ৬টি বিভাগে ৪টি পুরস্কার পেলেও বেকার তার মনোনীত চারটি বিভাগেই পুরস্কৃত হয়েছেন। এর পাশাপাশি বেকার একমাত্র ‘অ্যানোরা’ সিনেমা দিয়েই চারটি অস্কার জিতেছেন, অন্যদিকে ডিজনি একাধিক সিনেমার মাধ্যমে চারটি পুরস্কার পেয়েছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে