গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শাহজালাল মাজারে শুরু হলো ওরস
গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় সারাদেশ থেকে আসা হাজারো ভক্ত ও অনুরাগীদের ঢল নেমেছে।
সকাল থেকে মাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকানরা দলে দলে মিছিল সহকারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে মাজারে উপস্থিত হচ্ছেন। এ সময় ভক্তদের ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো দরগাহ এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাজার প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়ক ও প্রবেশপথগুলোতেও ভক্তদের উপস্থিতি বাড়ে।
মাজার কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথমে মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে ঐতিহ্যবাহী গিলাফ পরিবর্তন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ ভক্তরা বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য মিছিল নিয়ে গিলাফ চড়াতে শুরু করেন। এই কার্যক্রম চলবে সন্ধ্যা পর্যন্ত।
ওরস উপলক্ষে মাজারের ভেতরে জিকির, কোরআনখানি ও বিশেষ দোয়াসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি চলছে। এদিকে ভক্তদের দান করা শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি তৈরির কাজও বড় বড় ডেকচিতে শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। মোনাজাত শেষে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে শিরনি বিতরণ করা হবে।
ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। মাজারের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে গেট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে