Views Bangladesh Logo

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বার্ষিক বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বার্ষিক বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বরাদ্দের এই পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য যে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘তবে এ বছর পুরো টাকা দেওয়া যাবে কি না, তা পর্যালোচনা চলছে। এ বছর না হলেও আগামী বছর পুরো টাকা দেওয়া হবে বলে আশা করি।’

সাংবাদিকদের কল্যাণমূলক কাজের পরিধি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মফস্বল, অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যারা আর্থিক সহযোগিতা চান, তাদের সহযোগিতা করা হয়।’

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে আয়োজিত উক্ত পর্যালোচনা সভায় জামালপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ