বিশ্বের সবচেয়ে সুন্দরী অ্যান হ্যাথাওয়ে!
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এবার পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভার স্টার নির্বাচিত হয়েছেন।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুতে ভাবতাম নিজের প্রতি কঠোর হলেই ভালো শিল্পী হওয়া যাবে। কিন্তু চল্লিশে এসে নতুন উপলব্ধি হলো— অস্বস্তিকর জীবন কাটানোর প্রতি আর কোনো আগ্রহ নেই। এখন শুধু জীবনের আনন্দময় অংশটুকু উপভোগ করতে চাই।
২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’-এর মতো শিল্পধর্মী ছবি থেকে শুরু করে ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ও ‘লা মিজারেবলস’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন দর্শকদের। ‘লা মিজারেবলস'-এ অভিনয়ের জন্য অস্কারও জিতেছেন তিনি।
চলতি বছর মুক্তি পাবে তার অভিনীত পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা টু’। প্রায় দুই দশক পর আবারও অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরছেন তিনি, সঙ্গে ফিরছেন মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচিও।
ব্যক্তিগত জীবনে জুয়েলারি ডিজাইনার ও প্রযোজক অ্যাডাম শুলমানের সঙ্গে ১৩ বছর ধরে সংসার করছেন অ্যান হ্যাথাওয়ে। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে