কোক স্টুডিও বাংলায় অঙ্কন ও নন্দিতার নতুন গান ‘মথুরা’
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে সংগীতাঙ্গনে নিজের পরিচয় জানান দিয়েছিলেন অঙ্কন কুমার। যদিও এরও আগে সংগীতে তাঁর যাত্রা শুরু হয়। তবে অঙ্কনকে বড় পরিসরে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশিত ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি। এরই মধ্যে ওয়েব ফিল্ম ও সিনেমায় গান গেয়েছেন তিনি। এক বছর পর আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরেছেন অঙ্কন।
‘মথুরা: অধরা ভালোবাসার সুর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন অঙ্কন। ‘লং ডিসট্যান্স লাভ’ গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মুমতাহিনা মেহজাবিন আফরিন। এবার ‘মথুরা’ গানে অঙ্কনের সঙ্গে গেয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা।
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা। দ্বিতীয় সিজনে তাঁর গাওয়া ‘আড়ালে দুয়ারে মোর’ গানটিও শ্রোতাদের প্রশংসা পায়।
গতকাল কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে চলমান চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে প্রকাশ পেয়েছে ‘মথুরা’। কোক স্টুডিও বাংলা জানিয়েছে, সেমি-ক্লাসিক্যাল সুরের গানটি এমন দুজন মানুষের গল্প বলে, যাদের মন এক হলেও বাস্তবজীবন চলে ভিন্ন পথে। সমান্তরাল দুটি রেখার মতো তাঁরা পাশাপাশি চলেন, একে অপরকে দেখতে পান, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ হয় না।
রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লী-মজনুর প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, ‘মথুরা’ গানেও উঠে এসেছে সেই আকুলতার অনুভূতি। জীবনে পূর্ণতা না পাওয়া কোনো সম্পর্ক কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে তা তুলে ধরা হয়েছে। গল্প শেষ হয়ে যাওয়ার পরও সেই অনুভূতির রেশ থেকে যায় ‘মথুরা’য়। জীবনের পথ কখনো এক না হলেও দুটি হৃদয়ে যে ভালোবাসা রয়ে যায়, গানটি যেন সেই অনুভূতিরই প্রকাশ।
‘মথুরা’ গানের সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। অঙ্কনের ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির সংগীত আয়োজনও করেছিলেন তিনি। এ ছাড়া কোক স্টুডিও বাংলায় নন্দিতার গাওয়া দুটি গানও শুভর সংগীত আয়োজনে তৈরি হয়েছে। এবার অঙ্কন কুমার, নন্দিতা ও শুভর সম্মিলিত পরিবেশনায় ‘মথুরা’য় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না বলা কথা এবং দীর্ঘদিন বেঁচে থাকা ভালোবাসার গল্প।
মতামত দিন