এবার হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল ও মামুন
রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন (১৪ আগস্ট) তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
গত ২৪ আগস্ট রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। সেদিন নিউমার্কেট থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে ফের ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়াও গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে