ভারত-বাংলাদেশ বৈরিতা একে অন্যের স্বার্থের জন্য ভালো হবে না: ভারতীয় সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বৈরিতা কোনো দেশেরই স্বার্থের জন্যই ভালো হবে না’।
‘দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই। আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই, যখন ‘নির্বাচিত সরকার’ থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) ভারতের সেনা দিবসের আগে বার্ষিক মিডিয়া ভাষণে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমরা প্রতিবেশী। আমাদের সব সময় একসাথেই থাকতে হবে, একে অন্যকে বুঝতে হবে এবং এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। এটাও বুঝতে হবে, যেকোনো ধরনের বৈরিতা দেখালে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না’।
জেনারেল দ্বিবেদী বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে মন্তব্য করেছিলেন, আমি আপনাদের সেটি স্মরণ করিয়ে দেব। তিনি বলেছিলেন যে, ‘ভারত আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’। এর বিপরীতে আমরাও বলেছি, ‘বাংলাদেশ আমাদের কাছেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বেশিরভাগ সীমান্ত রয়েছে ভারতের সাথে, দক্ষিণ-পূর্বে একটি ছোট অংশের বাইরে মিয়ানমারের সাথে।
‘আজ অবধি, প্রথমত, কোনো দিক থেকে কোনো দুর্বলতা নেই’- বলেন জেনারেল দ্বিবেদী।
তিনি বলেন, ‘যখন বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল, সেই সময়ে আমি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ করেছি। তার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এবং ২৪ নভেম্বর আমরা ভিডিও কনফারেন্স করেছি’।
‘সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সে রকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে। আমরা যখন সম্পর্কের কথা বলছি, যখন কোনো নির্বাচিত সরকার থাকবে, তখন সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। এখনও পর্যন্ত (বাংলাদেশ) সেনার সঙ্গে সম্পর্ক ভালো এবং ঠিকঠাক আছে’- - যোগ করেন তিনি।
ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকবে’।
‘সুতরাং, এখন পর্যন্ত সেনাবাহিনীর সাথে সম্পর্ক ভালো এবং নিখুঁত’- বলেন তিনি।
ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত বিরোধে বাংলাদেশ-ভারত উত্তেজনা চলছে। ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ এটিকে আরও বাড়িয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে