Views Bangladesh Logo

ট্রেন না ছাড়ায় রাজশাহী রেলস্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন। এ জন্য দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহী থেকেও ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছেন ট্রেন যাত্রীরা। এ সময় স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করেন তারা।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস, সকাল ৬টা ২০ মিনিটে খুলনাগামী সাগরদারী এক্সপ্রেস, সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকাগামী বানালতা এক্সপ্রেস এবং সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকাগামী সিল্ক সিটি-এই চারটি ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। এ ছাড়া রেলের এক কর্মচারীকে মারধরও করা হয়।

যাত্রীরা বলছেন, টিকিট বিক্রি করে পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন। এ রকম কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কিছু চেয়ার ভাঙচুর করেছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। কাউন্টারে টিকিটের টাকা ফেরত দেয়া হবে। এ ছাড়া যারা অনলাইনে টিকিট কিনেছেন আগামী তিন কার্য দিবসের মধ্যে তারাও টাকা ফেরত পাবে। বর্তমানে স্টেশনের পরিবেশ শান্ত আছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ