Views Bangladesh Logo

যশোরে মলিন বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধুর নাম ঢেকে রাখায় ক্ষোভ

যশোরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মলিন ও রংচটা বিজয়স্তম্ভ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। একই সঙ্গে বিজয়স্তম্ভে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কাপড় দিয়ে ঢেকে রাখার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মণিহার চত্বরের বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা যায়, স্তম্ভের নিচের অংশটি গাঢ় সবুজ কাপড় দিয়ে ঢাকা। ওই অংশে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্বোধনের স্মারক লেখা রয়েছে বলে জানান উপস্থিতরা।

স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। এরপর জেলা প্রশাসক আশেক হাসানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পরে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শ্রদ্ধা জানান।

তবে বিজয়স্তম্ভের এমন অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ বলেন, প্রতি বছর বিজয়স্তম্ভ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলেও এবার সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে।

তার ভাষায়, ‘মলিন অবস্থায় শ্রদ্ধা জানাতে হয়েছে, আর বঙ্গবন্ধুর নাম থাকা অংশ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে—এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়।’

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মালেক বলেন, আমি চোখ বন্ধ করে গেছি, চোখ বন্ধ করে এসেছি।

সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু মন্তব্য করেন, ‘ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না।’

এ বিষয়ে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, বিজয়স্তম্ভের সংস্কার কাজের অংশ হিসেবে এটি করা হয়েছে। বিজয়স্তম্ভের সংস্কার হবে, সেজন্য কিছু করা হয়নি।

কাপড় দিয়ে ঢেকে রাখার বিষয়েও তিনি এটিকে সংস্কারের অংশ বলে উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ