Views Bangladesh Logo

স্পিকারকে নাম ধরে সম্বোধন, সংসদে আপত্তির মুখে দুঃখ প্রকাশ করলেন পার্থ

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে নাম ধরে সম্বোধন করায় আপত্তির মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আনলে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বক্তব্যের একপর্যায়ে আন্দালিব রহমান পার্থ বলেন, হাফিজ সাহেব থাকলে উনি বিষয়টি বুঝতে পারতেন, কারণ উনি ভোলার মানুষ।

এ সময় ডেপুটি স্পিকার সঙ্গে সঙ্গে জানতে চান, ‘হাফিজ সাহেব কে?’

এরপর নিজের ভুল বুঝতে পেরে পার্থ বলেন, ‘দুঃখিত, দুঃখিত, স্পিকার সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এরপর তিনি নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোলায় প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুত রয়েছে। এ কারণে জেলার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, একটি পরিবারে যে সন্তান অঙ্কে ভালো, তার জন্য যেমন আলাদা শিক্ষক রাখা হয়, তেমনি ভোলার জন্যও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অথচ হাসপাতাল, বিমানবন্দর ও সেতুর দাবিতে আমাকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।

বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, ৪১ লাখ পরিবারকে সহায়তা, শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জামের ওপর কর কমানো, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং ক্যানসার, হৃদরোগ ও চক্ষু চিকিৎসার ওষুধের দাম কমানোর উদ্যোগ প্রশংসনীয়। এই বাজেটে একটি জনগণের সরকারের প্রতিফলন দেখা যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় জাতীয় রাজস্ব ব্যবস্থায় সুশাসনের অভাব ছিল এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে। সেই সময়ে দেশের সম্পদ লুটপাটের সুযোগ সৃষ্টি করা হয়েছিল।

বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, গত চার মাসে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ব্যাংক লুট বা বড় ধরনের দুর্নীতির ঘটনা সামনে আসেনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ