নোয়াখালীতে আনন্দ পরিবহনের বাসে আগুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসটি যাত্রীবিহীন থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চৌমুহনী পৌরসভার সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে বাসটি পৌরসভার সামনের সড়কে রেখে চালক ও তাঁর সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় দুই যুবক এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তাঁরা।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। পরে বাসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন