কক্সবাজারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: প্রতিমন্ত্রী
কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন কার্যক্রমে একটি সংস্থা বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার অভিযোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নেওয়ার পর ওই সংস্থা আদালতের দ্বারস্থ হচ্ছে এবং পরে আদালতের আদেশ ব্যবহার করে উন্নয়নকাজ বাধাগ্রস্ত করা হচ্ছে।
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, কক্সবাজার নিয়ে সরকার এক ধরনের বিপদের মধ্যে রয়েছে। পর্যটন ও উন্নয়ন কার্যক্রমে একটি সংস্থা কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনা নেওয়া হলেই তারা আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশকে অন্যায়ভাবে ব্যবহার করে বারবার উন্নয়নকাজ বাধাগ্রস্ত করা হচ্ছে।
তিনি বলেন, কক্সবাজার দেশের ঐতিহ্য ও পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি ঠিকানা। এ এলাকাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে। তবে কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন বিকশিত না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদসহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আধুনিক ও পরিবেশবান্ধব একটি প্রকল্প। প্রতিদিনের বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম আরও বড় পরিসরে নেওয়ার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
মতামত দিন