Views Bangladesh Logo

একাত্তরের সম্প্রীতির বন্ধন নষ্টে একটি অপশক্তি সক্রিয়: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতিতে সরকার বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও সমঅংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। তাই সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায়।

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ