সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
সাংবাদিকদের পেশাগত কাজের কারণে করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সাংবাদিকদের কেবল তাদের পেশাগত দায়িত্ব পালনের কারণে যেসব মামলা করা হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুযায়ী কর্তৃপক্ষকে অবশ্যই সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, একাত্তর টেলিভিশনের কারাবন্দি সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ আনা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
অ্যামনেস্টির ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগ ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরের ঘটনায় দমন-পীড়ন সংক্রান্ত একটি প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত, যেটিকে তারা ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।
স্মৃতি সিং বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এমন তথ্য প্রকাশের ক্ষেত্রেও প্রযোজ্য যা অনেকের কাছে অস্বস্তিকর বা বিতর্কিত মনে হতে পারে। এ স্বাধীনতা রক্ষা করা গণতান্ত্রিক আলোচনার জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, সাংবাদিকদের রাজনৈতিক অবস্থান বা ভিন্ন মতের কারণে টার্গেট করা উচিত নয়।
বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, সাংবাদিক রূপা ও বাবু ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন এবং এখন পুরনো একটি সংবাদ প্রতিবেদনের সঙ্গে যুক্ত নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন। সংস্থাটির মতে, সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা সংবাদমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী। এটি ভয়ভীতি ছাড়া সাংবাদিকতা করার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সংস্থাটি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এবং মৃত্যুদণ্ডের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে