অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা
রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। অ্যামোনিয়া-সংকটে গতকাল শনিবার রাত আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়া দিয়ে ডিএপি কারখানায় উৎপাদন পরিচালিত হয়। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানায়ও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মজুত অ্যামোনিয়া দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন অব্যাহত রাখলেও মজুত শেষ হওয়ায় গতকাল রাতে উৎপাদন বন্ধ করা হয়।
কারখানাটি নিয়ন্ত্রণ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। দেশের কৃষি খাতে যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস-সংবলিত) চাহিদা মেটাতে সরকার কারখানাটি স্থাপন করে এবং ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কারখানার দুটি ইউনিটের প্রতিটিতে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।
ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক বলেন, গত ৪ মার্চ থেকে আমরা অ্যামোনিয়া পাচ্ছি না। আগের মজুত দিয়ে উৎপাদন চলে আসছিল, কিন্তু মজুত শেষ হওয়ায় আপাতত উৎপাদন বন্ধ। যখনই অ্যামোনিয়া পাওয়া যাবে, উৎপাদন পুনরায় শুরু হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে