Views Bangladesh Logo

জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কথা জানালেন অমিতাভ বচ্চন

ঘরে একাধিক বাদ্যযন্ত্র সংগ্রহে থাকলেও একটিও বাজাতে না পারাকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বলে জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কউন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসরে এক প্রতিযোগী কৃতজ্ঞর সঙ্গে আলাপচারিতার সময় এই ব্যক্তিগত অনুশোচনার কথা প্রকাশ করেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা।

অনুষ্ঠানে পুরোনো কোনো স্মরণীয় দিনকে পুনরুজ্জীবিত করতে নাকি নতুন কোনো মাইলফলক স্পর্শ করতে চান—এমন প্রশ্নের জবাবে অমিতাভ বচ্চন শেষেরটিই বেছে নেন। তিনি বলেন, জীবনে যেদিন তিনি কোনো বাদ্যযন্ত্র সঠিকভাবে বাজাতে শিখবেন, সে দিনটিই তিনি প্রত্যক্ষ করতে চান।

অমিতাভ বলেন, “আমার সংগীত শেখার গভীর ইচ্ছা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি।”

তিনি আরও বলেন, গায়ক, সুরকার কিংবা সেতারশিল্পীদের পারফর্ম করতে দেখলে এই আফসোস আরও তীব্র হয়।

কৌতুকচ্ছলে বর্ষীয়ান এই অভিনেতা জানান, প্রায় সব ধরনের বাদ্যযন্ত্রই তিনি সংগ্রহ করে ঘরে সাজিয়ে রেখেছেন—এই আশায় যে কোনো না কোনো দিন সেগুলো বাজাতে শিখবেন।

বাদ্যযন্ত্রের ওপর আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও প্লেব্যাক গায়ক হিসেবে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার বেশ সফল। ১৯৭৯ সালে ‘মিস্টার নটবরলাল’ ছবির “মেরে পাস আও মেরে দোস্ত” গানের মাধ্যমে গায়ক হিসেবে তাঁর অভিষেক হয়। পরবর্তীতে ‘সিলসিলা’ ছবির জনপ্রিয় গান “রং বরসে” ও “নীলা আসমান”-এ কণ্ঠ দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা কুড়ান।

২০০০-এর দশকে আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরে আসেন অমিতাভ। এরপর ‘বাগবান’, ‘বোল বচ্চন’, ‘কাহানি’, ‘ওয়াজির’, ‘শামিতাভ’ এবং ‘১০২ নট আউট’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে গান গেয়েছেন তিনি।

বর্তমানে ‘কউন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন এই কালজয়ী তারকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ