অর্থ ও পরিকল্পণা মন্ত্রী হলেন আমির খসরু চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন বিএনপির ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।
আমির খসরু ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে (নাজির বাড়ি) জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মাহমুদুন্নবী চৌধুরী ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান আমলের মন্ত্রী এবং প্রাদেশিক পরিষদের সদস্য। আমির খসরু ১৯৬৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। সেখানে তিনি একাউন্টেন্সি (হিসাববিজ্ঞান) বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন, যা তার বর্তমান অর্থনৈতিক দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টিকিটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে উপ-নির্বাচনের মাধ্যমে প্রথমবার সংসদে প্রবেশ করেন তিনি। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও তিনি টানা জয়লাভ করেন। তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০০৪ সালের মার্চ মাসে তিনি ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন চড়াই-উতরাইয়ের মাঝে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে মামলার মুখে পড়তে হয় এবং দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হয়।
রাজনীতির বাইরে আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (CSE) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ফেডারেশন অফ সাউথ এশিয়ান এক্সচেঞ্জের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের বাজার ব্যবস্থা সম্পর্কে তার এই দীর্ঘ অভিজ্ঞতা দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে