নায়াব ইউসুফকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজাকে গ্রেপ্তারের দাবি
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজার বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে মানববন্ধনে ফরিদপুর মহানগর মহিলা দলের সভাপতি রুকসানা পারভীন (পাপিয়া), জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আজিজসহ বহু মহিলা নেত্রী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদের নারী সংসদ সদস্য রুমিন ফারহানা, ফারজানা শারমিন ও নায়াব ইউসুফের নাম জড়িয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা আপত্তিজনক। তাঁরা দাবি করেন, আমির হামজা তার বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জনগণের সামনে ক্ষমা চাইবেন, নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে