Views Bangladesh Logo

মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

কিন্তু নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতেও আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর অবশেষে রোববার আদালতে আত্মসমর্পণ করলেন এই সংসদ সদস্য। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ