বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ায় তামিমকে অভিনন্দন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (৭ জুন) এক বিবৃতিতে তিনি বিসিবির নবনির্বাচিত সহসভাপতি ফাহিম সিনহা এবং পরিচালনা পর্ষদের সব সদস্যকেও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, সরাসরি পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়া তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিসিবিকে আরও শক্তিশালী ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই সদস্যসহ ২৫ সদস্যের বোর্ড গঠিত হয়। এই বোর্ডের সমর্থনে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হন।
আমিনুল হক আশা প্রকাশ করে বলেন, তামিমের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করবে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সাংগঠনিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াতে নতুন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশ থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন পর্যন্ত ক্রিকেটের সব স্তরের উন্নয়নে নবনির্বাচিত বোর্ড কার্যকর অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ক্রিকেট উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা এবং বিসিবির পুরো পরিচালনা পর্ষদের সফলতা কামনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে