Views Bangladesh Logo

ওআইসি ইয়ুথ ক্যাপিটালে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

তুরস্কের কোনিয়াতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’। মঙ্গলবার (১২ মে) এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা ও সংহতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতি উদ্ভাবনের একটি অনন্য প্ল্যাটফর্ম। জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্ল্যাটফর্মটি তরুণদের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’

ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি সমৃদ্ধ ও যৌথ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে বলে উল্লেখ করেন তিনি।

দেশের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ঐতিহাসিক “জনমিতিক লভ্যাংশ” উপভোগ করছে, কারণ দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সমাজে রূপান্তর হয়েছে। এ পরিবর্তনের অগ্রনায়ক আমাদের তরুণ প্রজন্ম।’

ক্রীড়া খাতের উন্নয়ন ও যুবদের সক্ষমতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশি অ্যাথলেটদের বিশ্বমঞ্চে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে সরকার বিশ্বমানের অবকাঠামো নির্মাণে ব্যাপক বিনিয়োগ করছে। বাংলাদেশের যুব সমাজকে ‘স্থিতিস্থাপকতা ও অপার সম্ভাবনার প্রতীক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘স্বল্প সুদে স্টার্ট-আপ অনুদান এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সরকার তরুণদের চাকরিপ্রার্থীর পরিবর্তে চাকরিদাতা হিসেবে গড়ে তুলছে। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ মেধাবী তরুণের উদ্ভাবনী ভাবনাও একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।’

ক্রীড়াকে জাতি গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী একটি সংহত ও ঐক্যবদ্ধ ইসলামী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত ‘ওআইসি গেমস’ আয়োজনের প্রস্তাব পেশ করেন।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আস্কিন বাক, ওআইসি সচিবালয়ের যুব ও ক্রীড়া প্রধান ড. বুবাকারি মাইগা, কোনিয়ার গভর্নর ইব্রাহিম আকিন এবং তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির ডেপুটি চেয়ারম্যান আহমেদ বুয়ুকগুমুস। অনুষ্ঠানে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি ও যুব নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ