এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আজীবন সম্মানসূচক সদস্যপদ (অনারারি লাইফ মেম্বারশিপ) দিয়েছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট সংগঠন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আরও চারজন খ্যাতিমান ক্রিকেটারের সঙ্গে এই সম্মান পাচ্ছেন তিনি।
রোববার এক বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, বাংলাদেশের তামিম ইকবাল, ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার মেল জোন্স অনারারি লাইফ মেম্বারশিপ গ্রহণ করেছেন।
২০০৮ সালে টেস্ট অভিষেক হওয়া তামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। তিনি টেস্টে ৫ হাজারের বেশি রান করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২৪৩টি ওয়ানডেতে ৮ হাজারের বেশি রান নিয়ে তিনি এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে ঐতিহ্যবাহী অনার্স বোর্ডে নাম লেখান তামিম। পরের বছর উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক তাকে ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ এবং ‘টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত করে।
সম্প্রতি বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম। এই পদে দায়িত্ব নেওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তিও তিনি।
এদিকে নিউজিল্যান্ডের দুই তারকা সুজি বেটস ও সোফি ডিভাইন চলতি বছরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। এমসিসি জানিয়েছে, লর্ডসে আয়োজিত অনুষ্ঠানে বেটস, ডিভাইন ও মেল জোন্স আনুষ্ঠানিকভাবে তাদের সদস্যপদ গ্রহণ করেছেন।
ভারতের চেতেশ্বর পূজারা দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৭ হাজার ১৯৫ রান করেছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে তার রান ২১ হাজারেরও বেশি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেল জোন্স খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ধারাভাষ্যকার ও নারী ক্রিকেটের উন্নয়নে অবদানের জন্য এই সম্মান পেয়েছেন।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, আমাদের নতুন অনারারি লাইফ মেম্বার হিসেবে পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিষ্ঠা ও অবদানের জন্য এই সম্মান সম্পূর্ণ প্রাপ্য।
মতামত দিন