ফ্রিম্যানের গোলে হাফটাইমেই ২-০ ব্যবধান যুক্তরাষ্ট্রের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-র ম্যাচে হাফটাইম পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে মার্কিনরা।
ম্যাচের ১১তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে ফোলারিন বালোগুনের দ্রুতগতির আক্রমণ থেকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার সেন্টারব্যাক ক্যামেরন বার্গেস।
প্রথম গোলের পর আক্রমণের ধার ধরে রাখে মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। এর ফল আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪৩তম মিনিটে তরুণ ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যান গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তার গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিতে উপস্থিত মার্কিন সমর্থকেরা।
শুরুতে অবশ্য এ গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে তার অনুপস্থিতি এখন পর্যন্ত অনুভব করতে দেয়নি দলটি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে তারা।
গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে অস্ট্রেলিয়া ২-০ গোলে হারিয়েছিল তুরস্ককে। ফলে এই ম্যাচটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই। হাফটাইম পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় বর্তমানে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে যুক্তরাষ্ট্র।
এখন ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে অসাধারণ কিছু করে দেখাতে হবে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে স্বাগতিকরা জয় নিশ্চিত করে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে।
মতামত দিন